চট্টগ্রামের চন্দনাইশে আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি প্রবাসীর কেনা জমি রাতের আঁধারে দখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সৌদি প্রবাসী মো. সেলিম উদ্দীন ও মোহাম্মদ ইউছুপ আলীর পক্ষে তাঁদের বড় ভাই মো. বদিউল আলম (৫৫) জানান, উপজেলার কাঞ্চননগর মৌজার বি.এস. খতিয়ান নম্বর ১১৮৬-এর ৩৩৬৫ নম্বর দাগে ১৪ শতক নাল জমি তাঁরা ২০২৪ সালের ১২ জুন ১৮৩৩ নম্বর রেজিস্ট্রি কবলামূলে বৈধভাবে ক্রয় করেন। এরপর থেকে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে প্রবাসে থাকার সুযোগে একটি চক্র দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।
অভিযোগ অনুযায়ী, গত ২২ অক্টোবর রাত ১১টার দিকে প্রভাত শীল (৬৫) ও মো. আলমের (৩৫) নেতৃত্বে অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি ডাম্পট্রাকে করে ঘটনাস্থলে এসে জোরপূর্বক মাটি ভরাট শুরু করেন। এ সময় খবর পেয়ে বদিউল আলম, নুরুল ইসলাম ও তাঁর এক ভাতিজা বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলাকারীরা তাঁদের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যান। এ সময় তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বদিউল আলম জানান, জমি নিয়ে ৮৫১/২০২৬ নম্বর মামলা দায়েরের পর গত ৮ অক্টোবর আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। চন্দনাইশ থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ দেওয়ার পরও বিবাদীরা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তাঁর।
এ ঘটনায় প্রবাসী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। জমির দখল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, অভিযোগ appeared first on ভোরের চেতনা.
