জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নাজিম উদ্দিন (৪৬) নিহত হয়েছেন। এ সময় হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহতের স্ত্রী ও বোন জামাই আহত হয়েছেন। নিহত নাজিম উদ্দিন লুদরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজিম উদ্দিনের পরিবারের একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে চাচাতো ভাই মাসুম মিয়া সহ আরো কয়েকজনকে মহিলা দিয়ে দাওয়াত দেয়ায় মাসুম মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নাজিম উদ্দিনকে বাড়ীর পাশে পেয়ে প্রতিপক্ষ মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া দেশীয় অস্ত্র দিয়ে নাজিম উদ্দিনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় নাজিম উদ্দিনকে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষ মাসুম মিয়া তাদের উপরও হামলা করে। তাদের আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। পরে নাজিম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে আসেন।
