নিতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। ছবিতে রামের ভূমিকায় রণবীর কপূর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশকে দেখা যাবে। এ বার ছবির মুক্তি নিয়ে সামনে এল নতুন খবর। সূত্র বলছে, শুধু ভারতীয় আঞ্চলিক ভাষা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পৌঁছোতে প্রায় ৪০টি ভাষায় ডাবিং করা হবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। সব পরিকল্পনামাফিক চললে, ভারতীয় ছবির ক্ষেত্রে এত বড় পরিসরে ডাবিংয়ের নজির তৈরি করতে পারে এই ছবি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ছবির প্রযোজক নমিত মলহোত্র এবং তাঁর দল বিদেশের বাজারে ছবিটি নজিরবিহীন ভাবে মুক্তি দিতে চাইছেন। এক সূত্রের দাবি, আন্তর্জাতিক দর্শকের কাছে ভারতীয় ছবির সবচেয়ে বড় মুক্তি নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
৪০টি ভাষায় ডাবিংয়ের প্রসঙ্গে ওই সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক যাতে নিজেদের ভাষায় ছবিটি উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ফলে শুধু ‘সাবটাইটেল’-এর উপর নির্ভর না করেই দর্শক ছবির গল্প ও আবেগের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। সূত্রের দাবি, কোনও ভারতীয় ছবিকে এর আগে এত বিপুল সংখ্যক ভাষায় ডাবিং করার নজির নেই।
কোন কোন ভাষায় রণবীরের এই ছবি ডাবিং করা হবে, সেই সম্পূর্ণ তালিকা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা আগামী বছরের দীপাবলিতে।
ছবির প্রথম পর্ব মুক্তির তারিখ ৫ নভেম্বর। তার আগের দিন, অর্থাৎ ৪ নভেম্বর থেকে ‘পেড প্রিভিউ’ দেখানোর কথাও শোনা যাচ্ছে। ‘রামায়ণ’ ঘিরে প্রত্যাশা যে যথেষ্ট বেশি, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, ছবিটি মুক্তির পর বক্সঅফিসে কতটা সাড়া ফেলে।
