সংবাদ · দেশ
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ
১৮/১০/২০২৬

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠিয়ে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাতে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকার ও দলের ভেতরেই তীব্র অসন্তোষ তৈরি হয়।সরকারসংশ্লিষ্টদের মতে, মাদকবিরোধী উদ্যোগ নিয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে নামা গ্রহণযোগ্য নয়। এতে প্রধানমন্ত্রীর ওই দিনের আকস্মিক পরিদর্শন নিয়েও আলোচনা আড়ালে পড়ে যায়।এ ঘটনাটিকে সরকারের সদস্যদের আচরণ ও জবাবদিহির প্রশ্নে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর আগে অনুরূপ বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠদের নাম আসায় সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদ ছাড়তে হয়েছিল।এর আগে, নিজের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে ইশরাক দাবি করেন, মাদক কারবারিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্যই তিনি ও তার নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য বৈধ অস্ত্রটি উঁচিয়ে ধরেছিলেন। তবে ঘটনার আগে পুলিশকে জানানো হয়নি বলে ওয়ারী বিভাগের পুলিশ জানিয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মূল প্রতিবেদনে যান ↗