খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত বিশাল (২৭) পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে।
গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, জুম্মানের দেওয়া তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় এসে তাকে করে গুলি করে। এতে তার বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, আহত জুম্মান একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন। এ বিষয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
