ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী সুমন হোসেন মৃধার পথরোধ করেন দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় ১৮ অক্টোবর সুমন মৃধা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ২০ অক্টোবর রাতে এসআরবি-৮-এর একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার গণী শরীফের ছেলে আফজাল হোসেন (৫০), মনজুরুল আলম মুন্নার ছেলে লিটন হাওলাদার (৩০), মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে আবুল কালাম (৩৮), সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার আবুল খায়ের মৃধার ছেলে চান মিয়া (২৯) এবং মজিবর হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, এসআরবির সহায়তায় এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শাহীন আলম/আরএআর
