নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আটপাড়া প্রেসক্লাবের সদস্যরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় আটপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আটপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ঐশী বাংলার উপজেলা প্রতিনিধি সাইফুল আলম সোহেল, আটপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি ফজলুল করিম আঙ্গুর, সহসভাপতি আমির খসরু স্বপন ও শ্যামল চন্দ্র শ্যাম। এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক নূর মোহাম্মদ, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, এশিয়া বাণীর প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শফিক, দেশবার্তার জেলা প্রতিনিধি সুমন আহমেদ, অপরাধ তথ্যচিত্রের আশরাফুল আলম, রূপসী বাংলা টিভির রুবেল মিয়া এবং সিলেট টু আমেরিকা টিভির প্রতিনিধি বাবলু।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি।
বক্তারা নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব গ্রহণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
