ভারতের কলকাতায় একটি পূজামণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্ক (চোরবাগান) পূজামণ্ডপের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার পরপরই কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত পুলিশ, ফায়ার ব্রিগেড, কলকাতা পুলিশের ডিএমজি দল ও মেডিকেল টিমসহ বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) ভর্তি করেছে।
পুলিশের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতি পরিদর্শনে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিআলো/শিলি