শনিবার 'দাদার দরবার'-এ তুলকালাম কাণ্ড রাজবীরকে নিয়ে। রাজবীরের আচরণে ক্ষুব্ধ সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। তিনি পর্বের শুরুতেই রাজবীর ও দুর্নিবারকে তাঁদের আচরণ নিয়ে সতর্ক থাকতে বলেন। এ-ও বলেন আর একবার এরকম করলে 'বিগ বস'-এর ঘর থেকে তাঁদের বের করে দেওয়া হবে।
এরপর দাদা আসেন জীতুর সঙ্গে রাজবীরের ঝামেলার কথায়। তিনি রাজবীরকে সাবধান করে দিয়ে জানান তিনি জীতুকে অসম্মান করেছেন যেটা তাঁর করা উচিত হয়নি। কারণ, জীতু তাঁকে ঝামেলা থেকে দূরে রাখতে চেয়েছিলেন। আর রাজবীর জীতুর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপর দাদা খাবার নষ্ট করা নিয়েও রাজবীরকে ধমক দেন। বলেন, নন্দিনীর কথায় প্রভাবিত হয়ে তিনি নিজের আচরণ বদলে ফেলছেন। এমনকী নন্দিনীর জন্যই জীতুর সঙ্গে আর বাড়ির সবার সঙ্গে রাজবীর নাকি সম্পর্ক নষ্ট করছেন।
এদিকে, নন্দিনীকেও সৌরভ গাঙ্গুলি বলেন, রাজবীরকে এই শো-এ নিজের মতো ছেড়ে দিতে। তাঁকে নিজের মতো গেম প্ল্যান সেট করতে দিতে। যদিও নন্দিনী নিজের স্বপক্ষে অনেক সাফাই দেন। কিন্তু দাদা পরে বাড়ির বাকি সদস্যদের থেকে জানতে চান নন্দিনী না জীতু, রাজবীর কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন? বেশিরভাগ সদস্য বলেন নন্দিনীর নাম।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc
এতকিছুর পরেও পর্বের শেষে রাজবীর ও জীতুর ফের ঝামেলা লেগে যায়। নন্দিনীর সঙ্গে কথা কাটাকাটি হতে রাজবীর জীতুর কথার মাঝে এসে পড়েন। ফলে জীতু রেগে গিয়ে তাঁকে বলেন তাঁর বয়স কম, তাই তিনি যেন পুতুল নিয়ে খেলেন। এদিকে, জীতুর কথায় আরও চটে যান রাজবীর। তিনি জীতুর সঙ্গে কথা কাটাকাটি করতে করতে বাইরে বেরিয়ে আসেন। বাড়ির সবাই দু'জনকে আটকাতে গেলে কেউই কোনও কথা শোনেন না। পরে দু'জনের ধাক্কাধাক্কিও হয়। এরপর সৌরভ গাঙ্গুলি জানান, তিনি এত বোঝানোর পরেও এরকম আচরণ কিছুতেই মেনে নেবেন না। রাজবীরকে জিজ্ঞাসা করেন তিনি সত্যিই 'বিগ বস'-এ থাকতে চান কি না। জীতু ও রাজবীরের আচরণে ভীষণ রেগে যান দাদা। সব মিলিয়ে এদিনের পর্বে ছিল বিশৃঙ্খলা আর টানটান উত্তেজনা।
