আগামীকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বে ভারতের কাছে ১৩-৪৭ গোলে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের স্মৃতি পেছনে ফেলে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে চায় স্বাগতিকরা।
শিরোপার লড়াইয়ের আগে বুধবার অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো এবং বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে কোচের উপলব্ধি, ‘আমার চোখে ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো, ভারতকে যেন ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।’
আগের ম্যাচে করা ভুলগুলো শুধরে ফাইনালে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন খেলোয়াড় মাসুদা আক্তারও। তিনি বলেন, ‘আমরা যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি, অবশ্যই কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব।’
ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার ওপর জোর দিয়েছেন মাসুদা। তিনি বলেন, ‘কিন্তু আমরা সবাই যদি সবার সেরা চেষ্টা করি, অবশ্যই একটা ভালো ফলাফল করব। হয়তোবা দ্বিতীয় ম্যাচে যেমন গোল খেয়েছিলাম আমরা, হয়তোবা তার থেকে একটু কম। কম গোলের ব্যবধানে হয়তোবা কোনো একটা কিছু করা যায়।’
আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ২৭-১৫ গোলে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। গ্রুপ পর্বের ম্যাচেও মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছিল তারা।
