কালবেলা · খেলাধুলা
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির উপস্থিত হওয়া নিয়ে ধোঁয়াশা
২৩/১০/২০২৬

আগামী সোমবার লন্ডনে বসছে ব্যালন ডি’অরের জমকালো আসর। সেখানে কি দেখা যাবে লিওনেল মেসিকে? বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারটির আটবারের বিজয়ী ও এবারও অন্যতম শক্ত দাবিদার মেসিকে পাওয়ার আশা করছেন আয়োজকরা। তবে আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতি নিয়ে এখনো কাটেনি সংশয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের বিমানে চড়বেন কি না- সেই চূড়ান্ত সিদ্ধান্ত মেসি নেবেন শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ইন্টার মিয়ামি ও নিউইয়র্ক রেড বুলসের মধ্যকার ম্যাচের পর। কারণ, সামনের দিনগুলোতে তার রয়েছে ঠাসা সূচি ও দীর্ঘ ভ্রমণের টানা চাপ।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদো শহরের কাম্পোআমোর থিয়েটারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘প্রিন্সেস অব অ্যাস্তুরিয়াস’ ক্রীড়া পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে মেসির।
পুরস্কার বিতরণী পর্ব শেষ হতেই আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হতে প্রস্তুত হওয়া ইন্টার মিয়ামি দলে যোগ দেবেস। মূলত এই ম্যাচের পরই নির্ধারণ হবে তার পরবর্তী গন্তব্য।
ম্যাচটি শেষ হওয়ার পরেই মেসি সিদ্ধান্ত নেবেন, সোমবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দিতে আবারও আটলান্টিক পাড়ি দিয়ে ব্রিটিশ রাজধানীর ‘লন্ডন প্যালাডিয়ামে’ যাবেন কি না।
স্পেন, যুক্তরাষ্ট্র এবং তারপর আবার লন্ডনের টানা ব্যস্ততা ও ভ্রমণের সংক্ষিপ্ত সময়ের কারণে অনুষ্ঠানটিতে তার অনুপস্থিতির পথ তৈরি হতে পারে। ইন্টার মিয়ামির ম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাই ব্যালন ডি’অরে মেসির যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗