কালবেলা · আন্তর্জাতিক
পাকিস্তানে ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত, নিহত ৫
১৩/১০/২০২৬

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মুলতান শহরের কাছে শের শাহ সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
জিও নিউজের বরাতে জানা গেছে, করাচি থেকে পেশোয়ারগামী রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগিই লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের মুলতানের নিশতার হাসপাতালে নিয়ে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ১৩টি বগি সরিয়ে নেওয়া হয়েছে। বাকি বগিতে উদ্ধার অভিযান চলছিল।
দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্রুত উদ্ধারকাজ শেষ করা এবং আহতদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এক যাত্রীর দাবি, দুর্ঘটনার আগে রোহরির কাছে ট্রেনের নবম বগির নাট-বল্টু মেরামত করেছিলেন কর্মীরা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
পাকিস্তানে এর আগেও বেশ কয়েকটি প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালের আগস্টে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের নওয়াবশাহর কাছে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।
সূত্র: আনাদোলু
মূল প্রতিবেদনে যান ↗