সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস।
গত ১০ অক্টোবর আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমিরাতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে ‘আই লাভ বাংলাদেশ, আই লাভ ইউএই’ শীর্ষক আর্টওয়ার্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এক শিক্ষার্থীকে আর্থিক পুরস্কার এবং গ্রেড ৪ থেকে গ্রেড ১২ পর্যন্ত ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
তিনি বলেন, আমিরাতের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুরা বাংলাদেশের ঐতিহ্য ধারণ করার পাশাপাশি স্বাগতিক দেশের সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বড় হবে, এটাই প্রত্যাশা।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের অন্যতম ভিত্তি হলো মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার এ ধরনের আয়োজন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
The post আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
