ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শাহ ফকির বাজার ব্যবসা পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান।
অগ্নিকাণ্ডে আবছার উদ্দিনের মালিকানাধীন ঈদগাঁও জনতা মোটরস, মাওলানা শামসুদ্দিনের মালিকানাধীন জামিল হার্ডওয়্যার এবং মামুনুর রশীদের মালিকানাধীন মডার্ন হোমস পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈদগাঁও জনতা মোটরসের স্বত্বাধিকারী আবছার উদ্দিন জানান, হঠাৎ আগুন দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মডার্ন হোমসের স্বত্বাধিকারী মামুনুর রশীদ। তিনি জানান, ধারদেনা করে এবং বাকিতে সম্প্রতি দোকানে বিপুল পরিমাণ মালামাল তুলেছিলেন। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দীর্ঘদিনের ব্যবসা ও পুঁজি হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। একদিকে দোকানের মালামাল হারানোর ক্ষতি, অন্যদিকে ধারদেনা পরিশোধের চাপ—সব মিলিয়ে দিশেহারা এই ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
শাহ ফকির বাজার ব্যবসা পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান বলেন, ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আগুন লাগার পর দূরবর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
স্থানীয়দের মতে, ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত সাড়া দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। শাহ ফকির বাজারের এ ঘটনা আবারও সেই সংকটকে সামনে এনেছে।
ব্যবসায়ীদের জানমাল ও সম্পদ রক্ষায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দিয়ে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
