নিজস্ব প্রতিবেদক · ১৯ অক্টোবর, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
দেবী দুর্গার আরাধনা, পূজা-অর্চনা আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় কাটছে শারদীয় দুর্গোৎসবের দিনগুলো। আজ সোমবার মহা অষ্টমী। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপে রয়েছে বিশেষ আয়োজন। অঞ্জলি, সন্ধিপূজা ও কুমারীপূজার মধ্য দিয়ে দিনটি পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১৮টি। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৪টি এবং মহানগর এলাকায় ১৬২টি মণ্ডপ রয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
মহানগর এলাকায় এবার সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টি মণ্ডপে পূজা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় সর্বজনীন মণ্ডপের সংখ্যা ৪৪৮টি এবং পারিবারিক উদ্যোগে পূজা হচ্ছে ২৬টি মণ্ডপে। সব মিলিয়ে সিলেট অঞ্চলে গত বছরের চেয়ে এবার পূজার আয়োজন বেড়েছে।
মহা অষ্টমী দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এদিন দেবীর উদ্দেশে পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে বিশেষ ধর্মীয় আচার পালিত হয়। সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে আজ সকাল সাড়ে ১০টায় কুমারীপূজার আয়োজন করা হয়েছে। সেখানে পুষ্পাঞ্জলি, ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণেরও কর্মসূচি রয়েছে।
দুর্গোৎসবকে ঘিরে সিলেটের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে ১১ সদস্যের মনিটরিং সেল। পূজামণ্ডপগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখারও আহ্বান জানানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
সম্প্রতি নগরের নাইওরপুলে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সুবিধার বিষয়ে খোঁজখবর নেন তিনি। পূজা নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান সিসিক প্রশাসক।
আগামীকাল মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ হবে।
গুগলে আমাদের খবর পেতে
