দুর্গাপূজা ঘিরে বান্দরবানে বিজিবির নিরাপত্তা জোরদার
বান্দরবান প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি শনাক্তকরণসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বিজিবি বান্দরবান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
তিনি বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। গুজব ও অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন। যাচাই ছাড়া কোনো উসকানিমূলক তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।
বিজিবি জানায়, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা হবে। এ কাজে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এ সময় পূজামণ্ডপগুলোতে টহলের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া বিজিবির ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম মোতায়েন থাকবে।
