শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করা, মাদকবিরোধী সচেতনতা বাড়ানো এবং ইভটিজিং ও ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে এসব উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে অধিদপ্তরের আওতাধীন সব অঞ্চলের জেলা ও উপজেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া পদক্ষেপের তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে রাতে পড়াশোনায় আরও মনোযোগী হয়, সে জন্যও সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশনা রয়েছে।
মাউশি জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এতে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন, প্রচারসামগ্রী বিতরণ, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, সভা-সেমিনার আয়োজন, সচেতনতামূলক প্রচার এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের জেলা ও উপজেলাভিত্তিক তথ্য একত্র করে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদনটি [email protected] ঠিকানায় ই-মেইল করে পাঠাতে বলা হয়েছে।
