প্রকাশিত: ২২:১৬, ২৩ অক্টোবর ২০২৬
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আহত হাদিদ হাসান হিমেল
জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় হাদিদ হাসান হিমেল নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। হিমেল দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা। পাশাপাশি তিনি বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে দেওয়ানগঞ্জ বাজার থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুরে আসেন হিমেল। স্টেশনে ট্রেন থেকে নামার সময় কয়েকজন তরুণ তার স্ত্রীর উদ্দেশে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানালে আমানুল্লাহ আকাশসহ চার-পাঁচজন তরুণ হিমেলকে মারধর করেন। পরে রেলওয়ে পুলিশ আকাশকে আটক করে। তার বাড়ি জামালপুর পৌর শহরের বন্দেরবাড়ি এলাকায়।
আহত হিমেল বলেছেন, “পরিবার নিয়ে স্টেশনে নামার সময় আমার স্ত্রীর উদ্দেশে বাজে মন্তব্য করা হয়। এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করে। এতে আমার হাতে আঘাত পেয়েছি।”
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেছেন, “আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
