চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পাখিভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল বাজার এলাকায় সন্দেহজনক একটি পাখিভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়। পরে পাখিভ্যানসহ দুজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম এবং একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আহসানুল হক।
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, চক্রটি বিভিন্ন কৌশলে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে এনে বিভিন্ন প্রান্তে সরবরাহ করত। পুলিশের পাল্টা কৌশলে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২ appeared first on ভোরের চেতনা.
