সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে স্বামীর রেখে যাওয়া বসতভিটা দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন নাছিমা বেগম (৫০) নামে এক বিধবা নারী। বর্তমানে তিনি পার্শ্ববর্তী গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ঘটনাটি উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাকাঠী গ্রামের। নাছিমা বেগমের অভিযোগ, তিন মাস আগে তাঁর স্বামী আনোয়ার সিকদারের মৃত্যুর পর থেকে দেবর রফিকুল ইসলাম সিকদার, জা খুকু মনি ও দেবরের ছেলে শাওন সিকদার তাঁকে বসতভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।
নাছিমার দাবি, একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান এবং আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে এলাকা না ছাড়লে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া সরকারি সহায়তার ঢেউটিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন নাছিমা। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় পড়ে তিনি বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এ ঘটনায় গত ১০ অক্টোবর উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম সিকদার, খুকু মনি ও শাওন সিকদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
