কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। তাঁরা হলেন—উপজেলার চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২), তাঁর দুই সন্তান রিশাদ (১২) ও তুবা মনি (৭) এবং লিপি বেগমের বোন কত্তিমারী এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী শরিফা খাতুন (৫০)। নিহত অপর ব্যক্তি হলেন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক; তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বজনদের নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সংবাদ পেয়ে রৌমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সায়দাবাদ ও চরলাকান্দা গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
