‘তালপাকা ভাদ্র’-র মরসুম শেষ হয়েছে। কার্তিক মাসে তাই পাকা তালের চেয়েও তাল ফোপরার কদর থাকে বেশি। ভাদ্রে পাকা তাল দিয়ে ক্ষীর, লুচি, মিষ্টি বানানোর পরে সেই শাঁস ছেঁচে নেওয়া শক্ত আঁটিটিও কিন্তু বাতিলের খাতায় নাম লেখায় না। বরং সেই আঁটি মাটিতে বা ছাইয়ের গাদায় পুঁতে রেখে দিলে একসময় তা থেকে অঙ্কুর বেরোয়। শক্ত আঁটি দু'আধখানা করলে বেরিয়ে আসে নরম স্বাদু ফোপর।
কোজগরী লক্ষ্মীপুজোয় চিঁড়ে, মুড়কি, নাড়ু, ফলের পাশাপাশি প্রসাদের থালায় ঠাঁই হয় তাল ফোপরেরও। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে নানা জেলায় তার হরেক নাম। তালাকুর, তাল গজল, তাল কল— কত নামেই না লোকজন চেনেন এই খাদ্যদ্রব্যটিকে। তবে পুষ্টিতে ভরপুর তাল ফোপর নামটি বিশেষ পরিচিত। ফোপর বার করে কুচিয়ে কোজগরী লক্ষ্মীপুজোর থালায় তা নিবেদন করা হয়।
তবে লক্ষ্মীপুজোর দিনে ভক্তদের আকুতি শুধু ধন-সম্পদের থাকে না। এই পুজোর প্রসাদের প্রতিও ছোট-বড় সকলেরই বাড়তি নজর থাকে। খিচুড়ি ভোগ, লাবড়া তো রয়েছেই, লক্ষ্মীপুজোর প্রসাদ মানেই রকমারি নাড়ু, তক্তি, পায়েস। এ বার প্রসাদের পায়েসটি হতেই পারে অন্য রকম। তাল ফোপর দিয়ে বানিয়ে ফেলুন সু্স্বাদু ভোগ।
উপকরণ
১ লিটার ঘন দুধ
৭-৮টি তাল ফোপর
২ টেবিল চামচ গুঁড়ো দুধ
২টি ছোটএলাচ
১টি তেজপাতা
স্বাদমতো চিনি
২ টেবিল চামচ কন্ডেন্সড মিল্ক
প্রণালী: তাল ফোপর বার করে কুরিয়ে নিন। কোরাতে না চাইলে ফোঁপরগুলি ছোট টুকরো করে কেটেও নিতে পারেন। পায়েসের জন্য দুধ নিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। জ্বাল দেওয়ার সময় সুগন্ধের জন্য তেজপাতা এবং ছোটএলাচ দুধে যোগ করুন। ২ টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে পায়েসের দুধে মিশিয়ে দিন। এতে স্বাদ বাড়বে। তাল ফোঁপরাগুলি দুধে দিয়ে ফুটিয়ে নিন। চিনি দিন শেষের দিকে। যোগ করুন কন্ডেন্সড মিল্কও। এত পায়েস ঘন হবে এবং স্বাদও বাড়বে।
সংক্ষেপে
- পুজোর আর মাত্র হাতেগোনা কয়েক দিন বাকি। এই সময়ে সমাজমাধ্যম জুড়ে একের পর এক ‘ক্র্যাশ ডায়েট’, দামি সাপ্লিমেন্ট আর কিটো ডায়েটের বিজ্ঞাপন। তাতে কি সত্যিই ওজন ঝরে?
- পুজো মানেই খুদের বায়না, নতুন জামা পরে ঠাকুর দেখতে যাওয়া। কিন্তু এই সময়ের ভ্যাপসা গরম, হঠাৎ বৃষ্টি আর ভিড়ের ধকল ছোট শরীরে সহজেই অসুখ ডেকে আনতে পারে। তাই আনন্দের মাঝে যেন সে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য আগেভাগেই সতর্ক হওয়া জরুরি।
- পুজোর আগে রোগা হবেন, এই ভাবনা যাঁদের মাথায় এসেছে, তাঁদের জন্য সঠিক ফিটনেস রুটিন প্রয়োজন। অল্প সময়ে ক্লান্তি ব্যতিরেকে নিজেকে ফিট ও ছিপছিপে করে তুলতে কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর রুটিনই হতে পারে আপনার সেরা হাতিয়ার।
আরও পড়ুন
