তেহরানের বিরুদ্ধে যেকোনো হঠকারী পদক্ষেপের জবাবে মাত্র এক ঘণ্টারও কম সময়ের মধ্যে গোটা ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তোলার কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হিব্রু, ইংরেজি ও ফারসি—এই তিন ভাষায় কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে আজিজি লেখেন, “একটি ভুল হিসাবই যথেষ্ট- এক ঘণ্টারও কম সময়ে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে পড়বে।” দুই দেশের মধ্যে চলমান চরম বৈরী পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এ বক্তব্যকে তেহরানের আগ্রাসী পাল্টা কৌশলের স্পষ্ট বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিজের হিব্রু ভাষার পোস্টটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যের ভিডিও সংযুক্ত করেন আজিজি। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেছিলেন, “এই হুমকি চিরতরে দূর করার একটিই পথ- ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো। সেনাবাহিনী, মোসাদ ও নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি এটাই আমার নির্দেশ।”
তেহরানের বর্তমান শাসনকাঠামো ধ্বংসের ডাক দিয়ে নেতানিয়াহুর করা সেই মন্তব্যের জের ধরেই তীব্র প্রতিক্রিয়া জানান আজিজি। তবে এক ঘণ্টার মধ্যে এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালানোর দাবির সপক্ষে তিনি কোনো সুস্পষ্ট সমরাস্ত্র বা সামরিক পরিকল্পনার বিবরণ প্রকাশ করেননি।
উভয় দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের এমন প্রকাশ্য বাগ্যুদ্ধ এবং সামরিক আগ্রাসনের হুমকি মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। বিশেষ করে সরাসরি শাসনব্যবস্থা পরিবর্তনের ইসরায়েলি হুমকি এবং এর বিপরীতে ইরানের ধ্বংসাত্মক পাল্টা সতর্কবার্তা আঞ্চলিক সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে।
