রাজশাহীর বাঘা উপজেলায় মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বৈদ্যুতিক ফ্যান ও সরকারি স্টিলের আলমারিসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর রাতে মনিগ্রাম বাজারসংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. সুমি আক্তার অফিসে গিয়ে কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের বিষয়টি জানতে পারেন।
বিজ্ঞাপন
সুমি আক্তার জানান, স্বাস্থ্যকেন্দ্রে কোনো নিরাপত্তাকর্মী বা নিরাপত্তারক্ষী নেই। এ কারণে সেখানে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। নিরাপত্তার অভাবে তারা উদ্বেগের মধ্যে দায়িত্ব পালন করছেন।
উপজেলা স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী সবনম বলেন, মনিগ্রাম স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা বেহাল হওয়ায় পাশের কোয়ার্টারে কার্যক্রম স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। চুরির ঘটনায় একটি বৈদ্যুতিক ফ্যান ও সরকারি স্টিলের আলমারি খোয়া গেছে। তবে সরকারি ওষুধসহ অন্যান্য মালামাল কোয়ার্টারে রাখা ছিল। এ ঘটনায় দাপ্তরিকভাবে ১২ অক্টোবর বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে চুরির ঘটনায় নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মনির হোসেন মাহিন/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
