জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারি ৩৯টি মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ৩০০ চালক এ সুবিধা পাবেন।
গতকাল রবিবার বাংলাদেশ সচিবালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মসূচি যৌথভাবে বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশ।
কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যেসব চালকের চশমা প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে। ১৮ ও ১৯ অক্টোবর (রবি ও সোমবার) এবং ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন এ কর্মসূচি চলবে। এ সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি কার্যালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ ছাড়া ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের স্বাভাবিক ও স্পষ্ট দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে গাড়ি চালানোর সময় সড়কের পরিস্থিতি, পথচারী ও অন্যান্য যানবাহন যথাযথভাবে শনাক্ত করতে অসুবিধা হতে পারে। এতে দুর্ঘটনার ঝুঁঁকি বাড়তে পারে।
চালকদের দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত করা, প্রয়োজনীয় চশমা সরবরাহ এবং তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চালকদের দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা এবং দৃষ্টিশক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
