তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে সরকারের নেওয়া ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার বিভিন্ন ব্যাংক শাখায় এসব আবেদন জমা দিয়েছেন সম্ভাব্য উদ্যোক্তারা।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়। আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়, ৫ হাজার ৩৫১টি। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরে আবেদন পড়েছে ২ হাজার ৭৪৫টি। এ ছাড়া নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে গত ১৬ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের আওতায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা খাত, সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপসহ অন্যান্য বৈধ ব্যবসায় অর্থায়নের সুযোগ রয়েছে।
প্রকল্পটির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়ার বিধান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়া হবে। তবে অনুদানের অর্থ পাওয়ার শর্ত হিসেবে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে দেওয়া অর্থের পুরোটা ঋণে রূপান্তরিত হবে। ফলে অনুদানের সুবিধা ধরে রাখতে উদ্যোক্তাকে নির্ধারিত ঋণ সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
এ প্রকল্পে অর্থায়নের জন্য আগ্রহী উদ্যোক্তাদের নিজ নিজ উপজেলার যেকোনো বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের কার্যক্রম সমন্বয়ে প্রতিটি উপজেলায় একটি করে লিড ব্যাংক নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংক সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন ব্যাংকে জমা পড়া আবেদন পর্যালোচনা ও বাছাইয়ের নেতৃত্ব দেবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।
