বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’। বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে এ অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সালমিন মান্নান স্নিগ্ধা, ডা. নাসরিন সুলতানা এবং সিনিয়র সাংবাদিক শাহ আলম। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বাল্যবিবাহ শিশু-কিশোরদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করে। এ প্রবণতা রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন। তাঁরা বাল্যবিবাহ বন্ধে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি শিশু-কিশোরদের অধিকার রক্ষা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা ছাড়াও গান, নাচ, নাটক ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। এসব পরিবেশনার মধ্য দিয়ে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরা হয় এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। আয়োজকদের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহবিরোধী সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক মনোভাব তৈরি এবং সামাজিকভাবে এ সমস্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।
The post কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান appeared first on ভোরের চেতনা.
