Published : 17 Oct 2026, 09:08 PM
Updated : 17 Oct 2026, 09:08 PM
দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ২৪ ঘণ্টাই পুলিশ সজাগ রয়েছে বলে বলেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি মন্দিরে আগত ভক্ত-পূর্ণার্থী ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজ-খবর নেন।
ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আমি চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। মানুষ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই শারদীয় উৎসব পালন করছে।
“দুর্গোৎসবকে নির্বিঘ্ন রাখার জন্য এক মাস আগে থেকেই কাজ শুরু করেছিলাম। পুরো চট্টগ্রাম রেঞ্জ জুড়েই বিগত এক মাস ধরে ‘কিশোর গ্যাংবিরোধী’ অভিযান, মাদকবিরোধী অভিযান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরপর যখন প্রতিমা বানানো শুরু হলেও তখন থেকে নিয়মিত বাহিনীগুলো কাজ করা শুরু করে, এমনকি প্রতিমা পরিবহনের সময়ও তারা সহযোগিতা করে।”
পূজার দিনগুলোতেও আইন-শৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টাই কাজ করবে জানিয়ে ডিআইজি বলেন, “পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা রয়েছে এবং জেলা পর্যায়ের কন্ট্রোল রুমগুলো কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে। আমরা উৎসবমুখর পরিবেশেই এবারের দুর্গোৎসব শেষ করতে পারব।”
এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।
এবার কুমিল্লা জেলায় মোট ৮৪৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। এর মধ্যে ২০৫টি মণ্ডপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
