ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে স্টেশনের পশ্চিমে ষোলহাসিয়া গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এতে বাড়িটির সাতটি কক্ষ এবং ভেতরে থাকা নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বাড়িটিতে বসবাসরত ছয়টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ বাড়িটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। এতে রজব আলী, রায়হান, আমিরুল ও সোহাগসহ বাড়িটিতে বসবাসরত পরিবারের সদস্যদের কক্ষ এবং ঘরে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে তাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। রমিজা ও রজব আলী দম্পতির প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর মধ্যে স্থানীয় একটি এনজিও থেকে আগের দিন নেওয়া ৭০ হাজার টাকা ঋণের অর্থও ছিল। রায়হান ও শামসুন নাহার দম্পতির প্রায় এক লাখ টাকার এবং শিল্পী ও আমিরুল দম্পতির প্রায় ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া বাড়ির মালিক সোহাগ মিয়া প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রমিজা ও রজব আলী বলেন, গতকাল স্থানীয় একটি এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে ঘরে রেখেছিলাম। সেই টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমরা নিঃস্ব হয়ে গেলাম।
বাড়ির মালিক সোহাগ মিয়া বলেন, আমার বাড়ির সাতটি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়ির কক্ষগুলোতে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
