নড়াইল প্রতিনিধি: নড়াইলের সদর উপজেলায় সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। সেখানে নামাজের মধ্যেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। ১২ অক্টোবর সোমবার কুয়েতপ্রবাসী ছেলে জসিম দেশে ফেরার পর স্থানীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় বাবা-মাকে।
স্থানীয় কলেজশিক্ষক আব্দুর রাজ্জাক জানান, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে ভুগছিলেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও প্রায়ই অসুস্থ থাকতেন তিনি। এমন অবস্থায় শনিবার রাত ২টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে রোববার ভোরে ফজরের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রোববার জোহরের নামাজের পর একই সঙ্গে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁদের ছেলে জসিম কুয়েতপ্রবাসী হওয়ায় তিনি দেশে ফেরার পর দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, সোমবার তাদের স্থানীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী। দীর্ঘদিন পর বাবা-মাকে চিরবিদায় জানাতে দেশে ফিরে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী ছেলে জসিম।
