

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের থেকে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক সকালে আজমপুরে জড়ো হন। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগশাজসের তথ্য পেয়েছে পুলিশ। তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

বায়ুদূষণ রোধে নির্মাণকাজে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর
আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলিদূষণ কমাতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে নির্মাণকাজে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে রিহ্যাবের প্রতিনিধিদের সঙ্গে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগরসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণকাজে ধুলা কমানো এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থলে ধুলা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্মাণ ও মেরামতকাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত বিধিবিধান মেনে চলতে হবে। পাশাপাশি নির্মাণকাজে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার পর্যায়ক্রমে বাড়াতে হবে। নির্মাণস্থল যথাযথভাবে ঘিরে রাখা, মাটি-বালিসহ নির্মাণসামগ্রী ঢেকে সংরক্ষণ এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া নির্মাণসামগ্রী ও বর্জ্য পরিবহনকারী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচল নিশ্চিত করতে হবে। সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং ধুলিদূষণ ঘটানো থেকে বিরত থাকার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, নির্মাণস্থল ও আশপাশের এলাকায় প্রতিদিন কমপক্ষে দুইবার পানি ছিটাতে হবে। ধুলার মাত্রা বিবেচনায় প্রয়োজনে আরও ঘন ঘন পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। নির্মাণবর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা বা পোড়ানোর পরিবর্তে দ্রুত পরিবেশসম্মত উপায়ে অপসারণ করতে হবে। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলিদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রতিটি নির্মাণ প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নিয়মিত পানি ছিটানো এবং বর্জ্য অপসারণের কার্যক্রম তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে প্রকল্পভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানান। রিহ্যাবের পক্ষে সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা ব্লকের গুণগত মান নিশ্চিত করা এবং ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে নির্মাণব্যয় যেন না বাড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সভায় নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্লকের ব্যবহার সম্প্রসারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়, ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়া ও বিল্ডিং কোডে ব্লক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামাল আমদানির শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাবও উঠে আসে। নির্মাণ প্রকল্পে পরিবেশগত বিধিবিধান প্রতিপালন জোরদার, প্রকল্পভিত্তিক অগ্রগতির তথ্য সংগ্রহ এবং নিয়মিত পরিবীক্ষণের ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রিহ্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবার নির্যাতনে ২ মাসের শিশুর মৃত্যু, পলাতক বাবা গ্রেপ্তার
রাজধানীতে দুই মাস বয়সী কন্যাশিশুকে নির্যাতনের ঘটনায় পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ১১ অক্টোবর রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসআরবি জানায়, মামলার এজাহার ও গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লাভনী আক্তার (১৯) ও হৃদয় খানের বিয়ে হয় ২০২৬ সালের ২ জুলাই। হৃদয়ের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তাঁরা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁদের কন্যাসন্তান সাবিহা ইসলাম রোজার জন্ম হয় একই বছরের ১১ জুন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে শিশুটির বাবা তাকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ও মারধর করে গুরুতর আহত করেন। এরপর শিশুটিকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরদিন সকালে শিশুটির মা তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটি ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর মারা যায়। এ ঘটনায় শিশুটির মা লাভনী আক্তার বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেন। এসআরবি জানায়, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামি হৃদয় খানকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৪-এর কাছে অনুরোধ জানান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ অক্টোবর রাতে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হৃদয় খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত, যাতে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন। সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ই-লার্নিং কনটেন্ট উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) এলজিইডি সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এ কর্মশালার আয়োজন করে। ‘কনসালটেন্সি সার্ভিসেস ফর ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট’ কার্যক্রমের অংশ হিসেবে কনটেন্ট ওভারভিউ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল গড়ে তুলতে ই-লার্নিং কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্পন্ন ও ব্যবহারবান্ধব কনটেন্ট তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ই-লার্নিং কনটেন্টের মাধ্যমে এলজিইডির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি সহজ হবে। কনটেন্টকে বাস্তবসম্মত ও ব্যবহারবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ই-লার্নিং কনটেন্টকে আরও কার্যকর, মানসম্মত ও টেকসই করে গড়ে তোলা। এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের পক্ষে কনটেন্ট ডেভেলপার ইমরান হোসেন কনটেন্টের নকশা ও উন্নয়ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট কে এম আবদুল্লাহ আল-মুরাদ, টিম লিড মো. ছাবেদ আলম এবং এজিএম মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর, বিভিন্ন পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী এবং সিনিয়র সহকারী প্রকৌশলীরা। কর্মশালায় অংশগ্রহণকারীরা ই-লার্নিং কনটেন্টের মানোন্নয়ন, ব্যবহারোপযোগিতা এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে এলজিইডির কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


