ট্যুরিজম ও হসপিটালিটি বাংলাদেশের একটি সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান খাত। কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে এই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন দক্ষ, আত্মবিশ্বাসী, সৃজনশীল, দায়িত্বশীল এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ। ২০০৮ সাল থেকে পর্যটন ও হসপিটালিটি শিক্ষার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে আমি মনে করি, একজন শিক্ষার্থীকে শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য প্রস্তুত করা যথেষ্ট নয়। তাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সে বাস্তব কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
২০০১ সাল থেকে মানসম্মত হসপিটালিটি ও ট্যুরিজম শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে আসছে। দীর্ঘ এই পথচলায় আমাদের অনেক শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় হোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, রেস্টুরেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছে। তাদের কেউ ফ্রন্ট অফিস, ফুড অ্যান্ড বেভারেজ, হাউসকিপিং, সেলস অ্যান্ড মার্কেটিং কিংবা মানবসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। অনেকে ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে এবং কেউ কেউ সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের সবচেয়ে বড় অর্জন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, ভালো শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীকে প্রশ্ন করতে শেখানো, নিজের চিন্তা প্রকাশ করতে উৎসাহ দেওয়া এবং বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তাই আমার শ্রেণিকক্ষে আমি শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করি। আমি চাই তারা শুধু শিক্ষককে শুনবে না, বরং প্রশ্ন করবে, আলোচনা করবে, নিজের মতামত দেবে এবং প্রয়োজনে ভিন্নমতও প্রকাশ করবে। হসপিটালিটি ও ট্যুরিজম একটি ব্যবহারিক বিষয়। তাই শ্রেণিকক্ষের পাঠের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়কে আমি বিশেষ গুরুত্ব দিই। কেস স্টাডি, দলীয় কাজ, প্রেজেন্টেশন, সমস্যা সমাধান, ইন্ডাস্ট্রি ভিজিট, অতিথি বক্তৃতা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত করার চেষ্টা করি। আগামী দিনে আরও শক্তিশালী, গবেষণামুখী, আন্তর্জাতিক এবং শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি বিভাগ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়। আমরা এমন তরুণ প্রজন্ম তৈরি করতে চাই, যারা জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাস, সততা, মানবিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি নিয়ে সামনে এগিয়ে যাবে। তারা নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি বাংলাদেশের হসপিটালিটি ও ট্যুরিজম শিল্পকে আরও আধুনিক, টেকসই, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার
সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস
এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
