মাঝে স্বর্ণজয়ী ভারতীয় দলের হয়ে এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছিলেন বৈভব সূর্যবংশী। এর বাইরে ভারত জাতীয় দলের হয়ে টানা আটটি টি-টোয়েন্টিতেই ১৫ বছর বয়সী এই ওপেনার বেঞ্চে বসে কাটালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজের পর এ নিয়ে কথা বলেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এজন্য তিনি বৈভবকে অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় টি-টোয়েন্টি দলে আগে থেকেই বিশ্বস্ত ওপেনিং জুটি অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। উভয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এবং ধারাবাহিক ফর্মে আছেন। সেই কথা বৈভবকে স্মরণ করিয়ে দিয়েছেন আইয়ার। এর আগে সর্বশেষ ২০২৬ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন বৈভব সূর্যবংশী। অথচ তিনি মাত্র দ্বিতীয় আসর খেলতে নেমেছিলেন।
এরপর ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ার পর সূর্যবংশী এখন পর্যন্ত খেলেছেন আটটি ম্যাচ। ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে সিরিজে খেললেও এরপর আফগানিস্তান ও ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ ৮ ম্যাচে ছিলেন একাদশের বাইরে। ক্যারিবীয়দের সঙ্গে ২-২ সমতায় সিরিজ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি শুধু তাকে বলেছি, “তুমি তোমার সুযোগ পাবে। তুমি দেখো, তোমার জন্য তারা বিশ্বকাপ নিয়ে এসেছে এবং ধারাবাহিকভাবে রানও করছে।”’
পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৯ ওভারে কমিয়ে বেশ দেরিতে শুরু হয়, ভারত ৭.৪ ওভার ব্যাট করে ১১৮ রান তোলার পরই পুনরায় বৃষ্টি হানা দেয়। ফলে পরিত্যক্ত হয়ে যায় খেলা। এর আগে সিরিজটি ২-২ সমতায় ছিল, ফলে ট্রফি ভাগাভাগি করল দুই দল। ওপেনিংয়ে সূর্যবংশীর লড়াইটা মূলত স্যামসনের সঙ্গে। ডানহাতি এই ব্যাটার ক্যারিবীয় সিরিজে ৩৩.৬ গড় ও ১৯৫.৩৪ স্ট্রাইকরেটে ১৬৮ রান করেছেন।
সেজন্য বৈভবের উদ্দেশে অধিনায়ক আইয়ারের বার্তা, ‘আমি শুধু ওকে একটা কথাই বলি, নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ায় ধারাবাহিকতা ধরে রাখো, তোমার কাছে সুযোগ ঠিকই আসবে। দলে আমাদের দু’জন দুর্দান্ত ওপেনার ইতোমধ্যে রয়েছে। তাই কখনও কখনও সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। বৈভবের সঙ্গে ড্রেসিংরুমে ঠিক এই কথাটাই বারবার হয়েছে আমাদের।’
এর আগে এশিয়ান গেমসে স্যামসন তিন নম্বরে নামায় ইনিংস ওপেন করার সুযোগ জোটে বৈভব সূর্যবংশীর। যা কাজে লাগিয়ে দু’ম্যাচে ১৭৬.৬৬ স্ট্রাইকরেটে তিনি করেছিলেন ৫৩ রান। তা সত্ত্বেও গোটা ক্যারিবীয় সিরিজে দর্শক হয়েই কাটাতে হল তাকে। আইয়ারের মতোই একমাস আগে কোচ গৌতম গম্ভীরও কিশোর এই ক্রিকেটারকে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেছিলেন।
গম্ভীর বলেছিলেন, ‘বৈভবকে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, সুযোগের জন্য ওকে অপেক্ষা করতে হবে। ওর প্রতিভা নিয়ে কারও কোনো সংশয় নেই। কিন্তু যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্তরে ভাল খেলছে, তারা স্বভাবতই দলে ঢোকার ক্ষেত্রে এগিয়ে। তবে সুযোগ এলে সে লম্বা দৌড়ের জন্যই তৈরি থাকবে। সে ১৫ হোক বা ৩০ বছর বয়স– সুযোগের জন্য নিয়ম মেনে সকলকেই অপেক্ষা করতে হয়।’
এএইচএস
