শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কুচাইপট্টি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের একটি মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানটি থেকে প্রায় ১২০ বান্ডিল কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি মুদি দোকান থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবৃদ্ধি ব্যাহত করার পাশাপাশি জলজ সম্পদের জন্যও হুমকি সৃষ্টি করে। তাই জব্দ করা জাল সরকারের অনুকূলে জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত ব্যক্তিকে জরিমানার আওতায় আনা হয়েছে।
গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুচাইপট্টি বাজারের একটি মুদি দোকানে কারেন্ট জাল বিক্রির তথ্য পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১২০ বান্ডিল কারেন্ট জাল জব্দ করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
