চট্টগ্রাম নগরের পাঁচলাইশের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে বছরে অন্তত একবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিকরণ বন্ধ এবং শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকালে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাঈদ আল নোমান।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি আয়োজন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্কুল ও কলেজ শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ৩০০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য অধ্যাপক রীতা দত্ত এবং শিক্ষানুরাগী সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্ত। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
