ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৪০ জনের মতো আহত হয়েছেন। বুধবার দুপুর দুটোর দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীর পার নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে কর্তব্যরত খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর দুটোর দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিসম্পন্ন যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ-১১-০০৯৬) সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল।
বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীরপার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের (নারায়ণগঞ্জ উ-১১-০০২৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ৪০ থেকে ৪২ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনা কবলিত ট্রাকচালক মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র বলছে, খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া ফায়ার সার্ভিস। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চলছিল। তবে উদ্ধারকারীদের ধারণা, বাসের নিচে বা ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে।
The post ডুমুরিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪০ appeared first on লোকসমাজ.
