রংপুরের কাউনিয়ায় ফকরুল আলম রতন (৫০) নামে এক বেসরকারি মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল জানান, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সোমবার বিকেলে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রতনের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে রতনের বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ওসি বাদল চন্দ্র মণ্ডল বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
