বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও বেলজিয়ামের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার কয়েক শ মানুষ, যাদের অধিকাংশই তরুণ, রাস্তায় নামেন। তারা শিক্ষাখাতে আরও অর্থ বরাদ্দের দাবি জানান এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলেন।
এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করলে অনেকে দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান। এ সময় পুলিশ সদস্যদের একজন বিক্ষোভকারীকে লাঠি দিয়ে আঘাত ও লাথি মারতে দেখা যায়। অন্যদিকে, বিক্ষোভকারীরা রাস্তার সাইনবোর্ডসহ বিভিন্ন জিনিস ভাড়া করা স্কুটার ও সাইকেলের স্তূপের ওপর ফেলে তাতে আগুন দেওয়ার চেষ্টা করেন।
বেলজিয়ামের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, আরেকটি ঘটনায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। তবে ব্রাসেলস পুলিশ দিনের শেষ দিকে এক বিবৃতিতে জানায়, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনশৃঙ্খলা ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে পাঁচজনকে সাময়িকভাবে আটক করা হয়। এ ছাড়া নিষিদ্ধ অস্ত্র রাখা ও দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়েছে।
সূত্র: রয়টার্স
