ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে রাশিয়ার নীতিগত সম্মতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ২২ অক্টোবর ভোররাতের এ হামলায় অন্তত একজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, গ্যাস স্টেশন ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের দিনিপ্রোভস্কি জেলায় আগুন ও বিস্ফোরণে একজন নিহত এবং শিশুসহ ছয়জন আহত হন। হামলার পর বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার জন্য অনেককে আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে হয়।
ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে নিয়ে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মস্কো নীতিগতভাবে সম্মত হয়েছে। আগামী ১০ নভেম্বরের পর আলোচনা শুরু হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
এর আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে দূর থেকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের বিষয়ে অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নতুন করে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে আলোচনার ফল নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। কিয়েভে নতুন হামলা শান্তি উদ্যোগের বাস্তব অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।
