কালবেলা · সাধারণ
জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের
১১/১০/২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পাঁচ বছরের মেয়াদে মানুষের পাশে থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।
শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির পঞ্চম দিনে বীরগঞ্জ থেকে দিনাজপুর সদর উপজেলা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া সরকারকে অল্প সময়ের মধ্যে ক্ষমতা হারানোর পরিস্থিতিতে ফেলতে চান না তারা। বরং জনগণের দেওয়া পাঁচ বছরের মেয়াদে সরকারকে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচিত হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। কোনো বিদেশি শক্তির কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমর্পণ করা যাবে না। একই সঙ্গে দেশে নতুন করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। দাবিগুলো হলো শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার।
আয়োজকরা জানান, এসব দাবিতে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করবে ইনকিলাব মঞ্চ।
মূল প্রতিবেদনে যান ↗