সিলেট বন বিভাগের আওতাধীন শায়েস্তাগঞ্জ রেঞ্জের পুটিজুরি বন বিটে অভিযান চালিয়ে আড়াই একর দখলকৃত সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরী ইউনিয়নে অবস্থিত পুটিজুরি বন বিটের ‘ডায়ালারবাড়ি’সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি এই বনভূমি বেআইনিভাবে দখল করে রেখেছিল। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় পুটিজুরি বন বিটের বিট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান চালায়। অভিযানে ভূমিতে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ২ দশমিক ৫০ একর বনভূমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করে বন বিভাগ। উদ্ধারকৃত বনভূমি পুনরায় যাতে কোনো অসাধু চক্র দখল করতে না পারে, সে জন্য এলাকাটিতে বন বিভাগের টহল জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক কড়া নজরদারি চালু রাখা হয়েছে।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, সরকারি বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। বন বিভাগের এ ধরনের দখলবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।