আবুধাবি টেস্টে আফগানিস্তানকে ৪৭৯ রানের বড় টার্গেট দিয়েছে বাংলাদেশ। গতকাল চতুর্থ দিন লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। তাতে আফগানরা পড়ে বড় টার্গেটের সামনে। এ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে। একমাত্র এ টেস্টটি জিততে আজ শেষদিন ৭ উইকেট নিতে হবে বাংলাদেশকে, আফগানদের প্রয়োজন ৩৪৭ রান।
রোববার প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে আফগানদের ২৪০ রানে অলআউট করতে ভূমিকা রাখেন হাসান মাহমুদ। এরপর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ১৫৯ রানের জুটিতে ভর করে লিড তিনশ পেরিয়ে যায় বাংলাদেশের। দিনশেষে টাইগারদের সংগ্রহ ছিল ২২৩/৬। গতকাল ২০১ বলে ১৪৯ রানের অনবদ্য এক জুটি গড়ে দলের লিড সাড়ে চারশ পার করান লিটন ও মিরাজ। লিটন ১১৭ বলে ১৪ বাউন্ডারিতে ১০২ রান করেন। এটা টেস্টে তার সপ্তম সেঞ্চুরি। মিরাজ অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রান করে।
আফগানিস্তানকে বড় টার্গেট দিয়ে ২৮ রানের মধ্যেই ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। আব্দুল মালিককে আাউট করে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেস বোলার এবাদত হোসেন। তার বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মালিক। দলীয় ২৮ রানে শহিদুল্লাহকে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট পতনের পর অধিনায়ক রহমত শাহ ও সাদিকুল্লাহ আতাল ৮২ রানের জুটিতে আফগানিস্তানকে টানেন। দিনের খেলা শেষ হওয়ার অল্প আগে রহমতে আউট করে টাইগার শিবিরে স্বস্তি আনেন এবাদত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭/ডি. (লিটন ১০২, শান্ত ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*; সেলিম ২/৬৯)। আফগানিস্তান: ২৪০ ও ১৩২/৩ (রহমত ৫১, আতাল ৩৫*, শহিদি ১৯*; এবাদত ২/৩২)। —চতুর্থ দিন শেষে
