রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে সরু রাস্তা, ভবনঘেঁষে থাকা বিদ্যুতের খুঁটি এবং চারপাশে জট পাকানো তারের কারণে আগুন নেভাতে চরম বাধার মুখে পড়তে হয় ফায়ার কর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে এবং রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খায়। ভবনগুলোর দূরত্ব কম থাকা এবং বৈদ্যুতিক ও ওয়াইফাইয়ের তারের জটের কারণে সময়মতো আগুনের উৎসে পানি ছিটানো সম্ভব হয়নি। এ সময় আশপাশের সব মার্কেট বন্ধ করে দেওয়া হয় এবং পাশের ভবনের ছাদে আশ্রয় নেওয়া কয়েকজন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়।
মার্কেটের এক কর্মচারী জানান, ওই ভবনে ব্যাগ ও ছাতার দোকানের পাশাপাশি চা ও ধূমপানের একটি দোকান ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ৯টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভেতরে বড় ধরনের আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া জমেছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা আটকা পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
জেএইচআর
