ফ্রান্সের শত শত সুপারমার্কেটের হিমায়ন যন্ত্রে (রেফ্রিজারেশন সিস্টেম) এক নজিরবিহীন সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এর ফলে সুপারমার্কেটগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) পর্যন্ত পৌঁছে যায়। এতে বিপুল পরিমাণের খাদ্যসামগ্রী পচে নষ্ট হয়ে গেছে এবং একাধিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে, কোঅপারেটিভ ইউ এবং ই ল্যকের্ক-সহ শীর্ষ কয়েকটি সংস্থা এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
বার্তা সংস্থা এএফপিকে ইন্টারমার্শে জানিয়েছে, তাদের বা তাদের নেটতো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান এবং কোঅপারেটিভ ইউ-এর ১০০টিরও বেশি আউটলেট এই হামলার শিকার হয়েছে। এছাড়া ক্যারেফোর-এর ৮০টি এবং মনোপ্রি-এর প্রায় ৫ শতাংশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্যারিস প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই ব্যাপক আকারের হামলায় ফ্রান্সজুড়ে মূল সুপারমার্কেটগুলোর ইন্টারনেট সংযোগ থাকা ফ্রিজগুলো লক্ষ্যবস্তু করা হয়। এর ফলে ব্যাপকভাবে খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে এবং কয়েকটি স্থানে আগুন লেগেছে।
ঘটনার পরপরই ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। ফরাসি কর্তৃপক্ষ ইউরোপের অন্যান্য দেশের সাথেও সমন্বয় করছে, কারণ অন্যান্য দেশের প্রতিষ্ঠানও এই ঝুঁকিতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলায় সামগ্রিক ক্ষয়ক্ষতির হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ইন্টারমার্শের সিইও থিয়েরি কোটিলার্ড বিএফএম টিভিকে জানান, এই নজিরবিহীন হামলার কারণে একদিনেই সারা দেশে কয়েক কোটি ইউরোর ক্ষতি হয়েছে।
বিএফএম টিভির প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা দূর থেকেই নিয়ন্ত্রণ নিয়ে সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেশন সিস্টেমকে বলপূর্বক 'ডিফ্রস্ট' (বরফ গলানোর মোড) করতে সক্ষম হয়। এর ফলে তাজা ও হিমায়িত সব খাদ্যের মজুত পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোকে সব ফ্রোজেন খাবার ফেলে দিতে হচ্ছে।
সাধারণত সুপারমার্কেটগুলোর কোল্ড আইল বা ফ্রিজগুলো একটি কেন্দ্রীয় কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ইন্টারনেট সংযোগের সাহায্যে পরিচালিত হয়, যাতে রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো যে কোনো স্থান থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র জানায়, ডেনমার্কের প্রযুক্তি প্রতিষ্ঠান 'ড্যানফস'-এর সরবরাহ করা সফটওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা এই হামলা চালিয়েছে।
ড্যানফস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফ্রান্সে সীমিত কিছু রেফ্রিজারেশন সিস্টেমে হামলার ঘটনা সম্পর্কে অবহিত। তবে যেসব ইউনিটে হামলা হয়েছে, সেগুলোতে পুরনো সফটওয়্যার বা 'ফার্মওয়্যার' চলছিল। প্রতিষ্ঠানটি গ্রাহকদের দীর্ঘদিন ধরেই তাদের সিস্টেম আপডেট রাখা ও পুরনো যন্ত্রপাতি বদলে ফেলার পরামর্শ দিয়ে আসছিল।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে পুরো বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে যুক্ত অবকাঠামো যে কতটা ঝুঁকিপূর্ণ তা এই ঘটনা প্রমাণ করেছে। আজ ফ্রিজের খাবার নষ্ট হয়েছে, পরবর্তীতে হাসপাতাল কিংবা বিদ্যুৎ অবকাঠামোও একই ধরনের সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র: আল জাজিরা
তামান্না রুপা/
