ঢাকা,১৪ অক্টোবর- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত, ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে চরমোনাই পীরের। এ ছাড়া বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন তিনি। পাশাপাশি ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, চরমোনাই পীরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬
