বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে ভক্তদের আগ্রহের মধ্যে এবার মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন রাশমিকা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিবারের ৪০০টির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। রাশমিকার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে।
কেন এমন উদ্যোগ নিলেন অভিনেত্রী? রাশমিকার ভাষ্য, ‘রণবলী’ সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি। আর সেই উপলব্ধি থেকেই মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।
এ প্রসঙ্গে রাশমিকা বলেন, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই।” অভিনেত্রী আরও বলেন, ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদানে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যেতে চান তিনি।
এত দিন নিজের উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি রাশমিকা। বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তাঁর সহযোগী দলের কয়েকজন সদস্যই শুধু এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, নিজের কাজের কথা জানালে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন।
রাশমিকার কথায়, “আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তাহলে আমার খুব ভালো লাগবে।” শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেন, “আজ ৪০০টি পরিবারকে সাহায্য করার দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন।”
পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পেরে নিজের তৃপ্তির কথাও জানিয়েছেন রাশমিকা। তাঁর মতে, গত কয়েক বছরে কাজ করতে গিয়ে রাত জাগা, চোট পাওয়া, কষ্ট ও চোখের জল—সবকিছুর সার্থকতা খুঁজে পান মানুষের মুখের হাসিতে।
রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ।
সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। সিনেমার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তব জীবনে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের মাধ্যমে নতুন করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী। পর্দার বাইরেও মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা তাঁর ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
The post ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা appeared first on ভোরের চেতনা.
