আইসিসি-র ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে ইইউ
এনএইচকে জানতে পেরেছে যে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-কে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে গৃহীতব্য খসড়ার সর্বশেষ সংস্করণটি এনএইচকে সংগ্রহ করেছে।
খসড়াতে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে "গভীরভাবে দুঃখিত" এবং ওয়াশিংটনকে তা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছে। এতে আরও বলা হয়েছে যে, কাউন্সিল "এই আদালতের সুরক্ষা এবং আরোপিত নিষেধাজ্ঞা প্রশমনে সহায়ক সকল উপযুক্ত উদ্যোগ গ্রহণ করার" জন্য ইউরোপীয় কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছে। খসড়াটিতে বলা হয়েছে যে, এই ধরনের উদ্যোগের আওতায় ইইউ-এর কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে তারা আদালতকে পরিষেবা প্রদান অব্যাহত রাখতে পারে।
ইইউ সূত্রসমূহের ভাষ্যমতে, এক্ষেত্রে কাউন্সিল ইইউ-এর ‘ব্লকিং স্ট্যাটিউট’-এর কথা উল্লেখ করছে, যা ইইউ-এর ব্যাবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থাকে তৃতীয় কোনো দেশের আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে নিষেধ করে।
সূত্রসমূহ জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার আগে ১৮০ দিনের একটি রেয়াতকাল রয়েছে এবং এই সময়ের মধ্যে ইইউ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। তারা এও জানিয়েছে যে, ইইউ নিয়মটি প্রয়োগ করবে কি না তা জানা যায়নি, তবে এ বিষয়ে প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে।