খুলনার তেরখাদা উপজেলায় যুবদলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।
তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ রামীম বিশ্বাসকে (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনেরবাজার-মধুপুর সড়কে পারহাজী গ্রামের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে ছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পাঁজরে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন রামীমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এতে আরও বলা হয়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হামলার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ পরিদর্শক কবির হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
