কালবেলা · সাধারণ
অবৈধভাবে ভারত যাওয়ার পথে নারীসহ আটক ৮
১৪/১০/২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলের দিকে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে বাগাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিহাটি গ্রামে নায়েব সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমকালে আটজনকে আটক করা হয়। আটকদের মধ্যে দুই পুরুষ, দুই নারী ও চারজন শিশু রয়েছে।
বিজিবি আরও জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, আটক শিশু ও নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।
মূল প্রতিবেদনে যান ↗