কালবেলা · আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের
১১/১০/২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হন। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক অভিযান চালিয়েছে তাদের গোষ্ঠী। এসব হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রোববারও বিমানবন্দরটি বন্ধ ছিল।
সারি জানান, হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সঙ্গে সংশ্লিষ্ট একটি পেট্রল স্টেশন, দেশটির পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার এবং দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর।
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তুটি আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাতের ঘটনার পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়।
সূত্র : আলজাজিরা
মূল প্রতিবেদনে যান ↗